# Tags

ঠাকুরগাঁওয়ে সদ্য যোগদানকৃত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার বেলাল হোসেনের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৭ ডিসেম্বর দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, মিডিয়ার গুরুত্ব অপরিসীম। মানুষের বাকস্বাধীনতা একমাত্র মিডিয়ার মাধ্যমেই রক্ষা করা সম্ভব।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের সেবা করাই আমার প্রথম কাজ। মাদক সব অপরাধের মূল উৎস। তাই যেকোনো মূল্যে সমাজকে মাদকমুক্ত করতে হবে। এসময় যানজট, মাদকমুক্ত করতে ও বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন,সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল স্নেহাশীষ কুমার দাস, ঠাকুরগাঁও প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ২৯ নভেম্বর বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।